
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল:
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিল্টন কাজী (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের যোগানিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে পুলিশের একটি দল যোগানিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মিল্টন কাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মিল্টন কাজী নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।
অভিযানে নড়াগাতী থানার এসআই এফ. এম. তারেক এএসআই মো. নজরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম জানান, এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।