
আবু মুসা, কক্সবাজার টেকনাফ জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আরাফাত হোসেন টেকনাফ থানার উত্তর হোয়াইক্যং গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল দেওয়ার সময় ব্যাগ হাতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার হাতে থাকা পলিব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা জানিয়েছেন।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।