
মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এক পক্ষ তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক দিলেও অন্য পক্ষ তা বর্জনের ঘোষণা দিয়েছে। এমনকি ধর্মঘটের পেছনে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই কর্মসূচির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।
শনিবার (১৪ নভেম্বর) পৃথক সভা করে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠন দুটি।
তিন দফা দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সভা করে। ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের জন্য গত ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এ কারণে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা থেকে ইউনিয়নের সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ শীর্ষ নেতাদের নাম প্রত্যাহার; সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের স্থান নিশ্চিত এবং পার্কিংয়ের নামে মামলা বন্ধ করা। এছাড়া ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ, নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা ও টমটম সরিয়ে নেওয়া এবং সিএনজিচালিত অটোরিকশার জন্য ব্যাংক চালানের নম্বর প্রদানের দাবিও রয়েছে।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজেদের কার্যালয়ে সভা করে কর্মবিরতি বর্জনের ঘোষণা দেয় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় সভায় নেতারা বলেন, ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশের সামগ্রিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
সভায় শ্রমিক নেতা আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারেরও নিন্দা জানানো হয়।
এদিকে, পরিবহন মালিক সমিতি সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এই ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। কর্মসূচিটিকে অযৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।