
বগুড়া প্রতিনিধিঃ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ও অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের ঘটনা জানিয়েছেন তার সহশিল্পী ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগের মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন জয়। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে একই সিনেমার শুটিংয়ের জন্য অবস্থান করছিলেন তারা। সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে তৈরি হয়েছিলেন সোহেল। তাকে নিতে নিচে গাড়িও অপেক্ষা করছিল।
এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে গেলে রুম থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। জয়ের ভাষ্য অনুযায়ী, পড়ে যাওয়ার পর সোহেলের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন তিনি। প্রথমে উপস্থিত কয়েকজনের ধারণা হয়েছিল, ফল খাওয়ার কোনো প্রতিক্রিয়া থেকে এমনটি হতে পারে। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। দীর্ঘ অভিনয়জীবনে ছোট পর্দায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফ্যামিলি ক্রাইসিস’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেতা। তার স্বাভাবিক অভিনয় ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। আকস্মিক এই মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।