
জনকল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়নের অঙ্গীকার।।
রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নকে আধুনিক, জনবান্ধব ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ উল্যাহ। নির্বাচনে জয়ী হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করছেন মোহাম্মদ উল্যাহ। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে মোল্লা মার্কেট এলাকায় পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। এ সময় তিনি ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ উল্যাহ তেতৈয়া গ্রামের ৫নং ওয়ার্ডের মরহুম আবুল বাশারের জ্যেষ্ঠ সন্তান। শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে স্থানীয় পর্যায়ে মানুষের পাশে থাকার কারণে ইতোমধ্যে তিনি এলাকাবাসীর মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে মোহাম্মদ উল্যাহ বলেন, উত্তর ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বলেন, মোহাম্মদ উল্যাহ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। একজন সৎ, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে গণসংযোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ও মতবিনিময়কে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। সব মিলিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহাম্মদ উল্যাহর গণসংযোগ ও প্রচারণা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।
আসন্ন নির্বাচনে দল-মত ও ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ উল্যাহ।