1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

ভাড়া নিয়ে বিরোধে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন বাস চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া নিয়ে মালিক-শ্রমিক ও ছাত্রনেতাদের মধ্যে বিরোধের জেরে উৎসব ও বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী এ দুই পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শহরের উৎসব ও বন্ধন পরিবহনের কাউন্টারে গিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে প্রতিবাদ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় বাস মালিকপক্ষের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে কাউন্টার বন্ধ হয়ে যায়।

বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়া নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা বাস চলাচল বন্ধ রাখবেন। অন্যদিকে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা হাফ ভাড়া নির্ধারণের দাবিও জানিয়েছেন তাঁরা।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন বলেন, বর্তমানে সাধারণ যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। তবে ছাত্রনেতারা সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা ভাড়া নেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ছাত্রনেতারা কাউন্টারে এসে ভাড়া নিয়ে বিরোধে জড়ানোর পাশাপাশি কাউন্টারে ভাঙচুর করেছেন এবং বাস চলাচলে বাধা দিয়েছেন। এ পরিস্থিতিতে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সেলিম হোসেন বলেন, বাস মালিক ও প্রশাসনের মধ্যে আলোচনা করে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বাস চালানোর ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

অন্যদিকে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের দাবি, তাঁদের প্রতিবাদের পর প্রায় আধা ঘণ্টা পর কাউন্টার আবার চালু করা হয়। তখন কয়েকটি বাস সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা হাফ ভাড়া নিয়ে ঢাকার গুলিস্তানের উদ্দেশে ছেড়ে যায়। পরে আবার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণের দাবি জানায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

সংগঠনটির দাবি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১৯ কিলোমিটার ধরে হিসাব করলে ভাড়া দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। এর সঙ্গে ফ্লাইওভার টোল ৫ টাকা যোগ করলে মোট ভাড়া হয় ৫৪ টাকা ৪০ পয়সা। তবে নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির আগেই উৎসব ও বন্ধন পরিবহনে ৬০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

ভাড়া নিয়ে বিরোধের মধ্যে দুই পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে চলাচল করছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক কাফী বিন কবির বলেন, বিষয়টি তাঁর জানা হয়েছে। বিআরটিএর কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে কথা বলছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24