
মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ ও রূপার অলংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ডাকাতির সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে ৭ থেকে ৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বন্দরের সোনাচড়া ঢাকেশ্বরী বাজারের একটি স্বর্ণের দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের কর্মচারীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে তারা পালিয়ে যায়। পুলিশের হিসাবে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ২০ লাখ ৯৭ হাজার টাকা।
ঘটনার সময় দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধারণ হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরে বন্দর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দরের সোনাচড়া এলাকার আনোয়ার হোসেন (৩২), সোনাচড়া ঢাকেশ্বরী এলাকার মো. মিজান (২৬), উত্তর লক্ষণখোলা এলাকার মো. অনিক (২২), মুন্সীগঞ্জ সদর উপজেলার শোলারচর এলাকার সুমন বেপারী (৩৮) এবং বন্দরের সোনাচড়া এলাকার রাজু আহমেদ (২৪)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৭০০ টাকা, প্রায় আধা ভরি রূপার নূপুর, আংটি ও চুড়ি, স্বর্ণ ও রূপার প্রলেপ দেওয়া দুটি চুড়ি এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৮ ইঞ্চি একটি দেশীয় ছুরি, ১২ ইঞ্চি আরেকটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং ঘটনার সময় ব্যবহৃত কয়েকটি পোশাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে কয়েকজন দোকানের বাইরে থেকে সহযোগিতা করেছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।