
ছাবেদুল সরকার পাবনা
পাবনার রানীনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি অনুদান ও বরাদ্দের সুষম বণ্টন এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম (রেজা মিয়া)। সোমবার (২৩ নভেম্বর) রানীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
গণসংযোগের সময় রেজা মিয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন সমস্যা ও দুঃখ-দুর্দশার কথা তুলে ধরলে তিনি নির্বাচিত হলে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
পথসভা ও মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী রেজা মিয়া বলেন, “আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি অনুদান ও বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করব। কোনো ধরনের বৈষম্য বা স্বজনপ্রীতি থাকবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে রানীনগর ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাগুলো দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।