
উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন- ২০২৬-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। গত সোমবার ও মঙ্গলবার—এই দুই দিনে সমিতির নিজস্ব কার্যালয় থেকে মোট ৫১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির ২৮টি গ্রুপ বা পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৩ জন প্রতিনিধি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পীরগাছা বাজারের প্রায় ১ হাজার ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রথম দিন সোমবার সারাদিনে ১৯টি এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ৩২ জন প্রার্থী বা তাদের প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রড-সিমেন্ট গ্রুপ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।
এছাড়া বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— স্বর্ণ ব্যবসায়ী শিপন সাহা, কসমেটিকস ব্যবসায়ী কনক চৌহান, ওষুধ ব্যবসায়ী আল আমিন বুলেট, আমজাদ হোসেন ও মাহমুদুল হাসান দুলাল; গালামাল ব্যবসায়ী আব্দুল মান্নান, এনায়েত উর রহমান ও রফিকুল ইসলাম রবি; কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম ও আব্দুল করিম; কাঠ ব্যবসায়ী মোস্তাক আহমেদ; হার্ডওয়্যার ও ক্রোকারিজ ব্যবসায়ী মুক্তার রহমান মুক্তা; কনফেকশনারি ব্যবসায়ী ফয়েজ আহমেদ; কাপড় ব্যবসায়ী টিটু মোল্লা; মাছ-মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি এবং সার-কীটনাশক ব্যবসায়ী শওকত আলীসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক আব্ক এবং স্থানীয় ব্যবসায়ী (টিন ব্যবসায়ী) আলম মিয়া।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, যা পীরগাছা বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করবে।
এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি
১০-১১-২৬