
মালিকুজ্জামান কাকা
যশোর জেলা পুলিশের সাতজন পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে বাঘারপাড়া ও চৌগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দার পুলিশ পরিদর্শক মো.জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। থানাটির বর্তমান ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। চৌগাছা থানার বর্তমান ওসি মো. মামুনুর রশিদকে যশোর জেলা পুলিশ কার্যালয়ের ক্রাইম অ্যান্ড অপস শাখায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, ক্রাইম অ্যান্ড অপস শাখায় দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোসাম্মৎ রোকসানা খাতুনকে যশোর সদর কোর্ট ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি এবং বেনাপোল পোর্ট থানার বর্তমান ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে যশোর ‘ক’ সার্কেলে বদলি করা হয়েছে।