
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:
বি.এস.পি–সি.সি.এম যৌথ মঞ্চের উদ্যোগে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বারুইপুর থানায় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করলেন এক প্রতিনিধি দল। গত শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮টা নাগাদ বারুইপুর থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ২০ সেপ্টেম্বর সুভাষগ্রাম চার্চে হিন্দুত্ববাদীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রতিনিধি দলের সদস্যরা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা।
আলোচনা শেষে থানার পক্ষ থেকে মেজবাবু ও বড়বাবু চার্চ এলাকা-সহ সমস্ত চার্চ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত আসন্ন ২৫ ডিসেম্বরের আগে অন্যান্য ধর্মীয় উৎসবের মতোই খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবকে কেন্দ্র করে একটি সমন্বয়মূলক প্রশাসনিক বৈঠক আয়োজনের দাবি জানান। প্রশাসন সেই দাবিতে সম্মতি জানিয়েছে বলে জানা যায়। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে লিখিত চিঠি দেওয়া হবে বলেও জানানো হয়।
বি.এস.পি ও সি.সি.এম-এর যৌথ উদ্যোগে উপস্থিত বি.এস.পি-র সহ-সম্পাদক তথা সি.সি.এম সম্পাদক রেভারেন্ড শ্যামল ঘোড়ুই ভবিষ্যতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর এ ধরনের হামলার আশঙ্কা যাতে তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক ও সক্রিয় থাকার দাবি জানান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত, রেভারেন্ড শ্যামল ঘোড়ুই এবং অ্যাডভোকেট জিন্না আলি।
এছাড়াও উপস্থিত ছিলেন রেভারেন্ড সঞ্জয় গোমস, প্যাস্টর সুজিত বৈদ্য, প্যাস্টর জেকব সিং, প্যাস্টর তাপস জানা, ববিতা জানা, দীপঙ্কর জানা, ড্যানিয়েল জানা, শ্রীকান্ত গায়েন, রাজু মণ্ডল, সুরেশ মণ্ডল, মৃত্যুঞ্জয় ঘোষ, সমীর সরকার, তুলসী ভুঁইয়া, নারায়ণ চন্দ্র দাস ও মারিয়া ঘোড়ুই-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশাসনের এই আশ্বাসের মধ্য দিয়ে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষার দাবিতে যৌথ মঞ্চের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।