
মো: হামিদুজ্জামান জলিল, স্টাফ রিপোর্টার:
কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সরকারি প্রশিক্ষণ ছাড়াই গবাদিপশুর চিকিৎসা ও কৃত্রিম প্রজনন (সিমেন প্রয়োগ) চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফিরোজ ইকবাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি সাধারণ খামারিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন এবং অপচিকিৎসার মাধ্যমে পশুর জীবন ঝুঁকিতে ফেলছেন।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ফিরোজ ইকবাল কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়নের নরদহী গ্রামের আব্দুল মালেকের ছেলে। প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) কোনো প্রশিক্ষণ, কৃত্রিম প্রজনন কর্মীর সনদ কিংবা প্রাথমিক পশুচিকিৎসার কোনো বৈধ কাগজপত্রই তার নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবরা গ্রামের আরেক বিতর্কিত কথিত পশুচিকিৎসক জামাল আহমেদ ওরফে মিলনের কাছ থেকে হাতে-কলমে কাজ শিখেই নিজেকে ‘পশু ডাক্তার’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন ফিরোজ। উল্লেখ্য, জামাল আহমেদের বিরুদ্ধেও ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, ফিরোজ অত্যন্ত সুবিধাবাদী প্রকৃতির। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ১১ নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর অনুসারী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিতেন। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরপরই তিনি ভোল পাল্টে স্থানীয় বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন এবং নিজেকে বড় নেতা হিসেবে জাহির করতে শুরু করেন। এভাবে যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের ছত্রছায়ায় থেকে তিনি এলাকায় নিজের অবৈধ পশুচিকিৎসার ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী খামারিদের অভিযোগ, কোনো গরু বা ছাগল অসুস্থ হলে ফিরোজের কাছ থেকে চিকিৎসা না নিলে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে খামারিদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। তার দেওয়া ভুল চিকিৎসায় সুস্থ হওয়ার পরিবর্তে গবাদিপশু আরও বেশি অসুস্থ হয়ে পড়ার একাধিক প্রমাণ পাওয়া গেছে। এমনকি ভুল চিকিৎসায় পশুর ক্ষতি হলেও তাকে নির্ধারিত পুরো ফি পরিশোধ করতে বাধ্য করা হয়। ফিরোজের রোষানলে পড়া ও ক্ষতির ভয়ে ভুক্তভোগী খামারিরা ক্যামেরার সামনে সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক খামারি তার বিরুদ্ধে অপচিকিৎসা ও জোরপূর্বক ফি আদায়ের অভিযোগ করেছেন।
এলাকার সাধারণ খামারি ও সচেতন মহলের দাবি, গবাদিপশুর সুরক্ষা ও প্রান্তিক খামারিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রশাসনের উচিত দ্রুত অভিযান পরিচালনা করে ফিরোজের মতো ভুয়া ও প্রশিক্ষণহীন পশুচিকিৎসকদের আইনের আওতায় আনা।